জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২৬, ১৫:৫৪

জামালপুরে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামে ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- গাজীর পাড়া গ্রামের সুজা আলীর তিন বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী এবং বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রান্না করছিলেন লামিয়া আক্তার। এ সময় তার ছেলে মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে মঙ্গলবার সকাল আটটার দিকে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটিতে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে ওই পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। 

পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএসআর