হামের টিকা নিয়ে রিট

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে, প্রশ্ন হাইকোর্টের

আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:৫৮

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাই তিনি ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কী আছে- এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

হামের টিকাদান কর্মসূচি বাতিলের তদন্ত এবং ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে রিটকারীর আইনজীবীদের উদ্দেশ্যে মঙ্গলবার (১৯ মে) হাইকোর্ট এ প্রশ্ন তোলেন। সেই সঙ্গে আদালত জানান, দেশে সাবেক প্রধান উপদেষ্টার ব্যবসাসহ অনেক কিছু রয়েছে।

সাবেক উপদেষ্টা পরিষদ

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.  রুহুল কুদ্দুস কাজল।

স্বাস্থ্যখাতে আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে ১৭ মে রিট আবেদন করা হয়। একই সঙ্গে, এতে সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন করেন।

ইত্তেফাক/এনএ