নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ

আপডেট : ১৯ মে ২০২৬, ২১:৩৮

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে ইশতিয়াক হোসেন (৩৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন তার মরদেহটি উদ্ধার করে।

নিহত ইশতিয়াক হোসেন ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ইশতিয়াক হোসেন নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার বিকেলে গ্রামের হারুন অর রশিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা মরদেহটি উদ্ধর করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে ইশতিয়াকের মরদেহ শনাক্ত করেন।

স্বজনদের ধারণা- পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বাড়ায় তিনি পানিতে পড়ে যান। পরে আর পানি থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএসআর