দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ সলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো- ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পার্শ্বে স্কুল মাঠ এলাকায় সাবিহা ও সিয়াম খেলতে যায়। খেলার এক পর্যায়ে পাশের বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট পুকুর সদৃশ একটি গভীর গর্তের পানিতে খোঁজ করতে গিয়ে শিশু দুইটির সন্ধান পায়। উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুইটির মধ্যে প্রথমে ছেলেকে এবং পরে মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।
খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় তারা ওই গর্তের পানিতে পড়ে যায়।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

