ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) এবং গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনই বিষক্রিয়ায় মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টায় সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
