ফেডারেশন কাপ

দুইবার পিছিয়ে পড়েও হ্যাটট্রিক শিরোপা বসুন্ধরা কিংসের

আপডেট : ২০ মে ২০২৬, ২০:১৩

ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দুইবার পিছিয়ে পড়েও মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে কিংসরা। এই নিয়ে ফেডারেশন কাপের হ্যাটট্রিক শিরোপা জিতলো বসুন্ধরা কিংস।

বুধবার (২০ মে) কিংস অ্যারেনায় জমজমাট ও আবেগঘন আবহে শুরু হয় ফাইনাল। ঢাক-ঢোলে পিটিয়ে দুর্দান্ত এক পরিবেশ সৃষ্টি করেন গ্যালারিতে থাকা দর্শকরা। মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাউর রহমান ওরফে আতা ভাইয়ের বিশাল এক প্রতিকৃতি দেখা যায় গ্যালারির এক পাশে।

ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। দুর্দান্ত ফ্রি-কিক থেকে কিংসের জালে বল জড়ান মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। তবে সমতা ফেরাতে সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় কিংস। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে করে দলকে ১-১ সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ড্যারিয়েলটন গোমেজ।

এরপর ২৩ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। তবে মোজাফফরভের নেওয়া শট আটকে দিয়ে বসুন্ধরা কিংসকে রক্ষা করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ৩৫ মিনিটে আবারও এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে বক্সে আসা একটি মাপা বলে দারুণ প্লেসিংয়ে গোল করেন সৌরভ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

তবে বিরতি থেকে ফিরেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে কিংসরা।  ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও দলকে সমতায় ফেরান ড্যারিয়েলটন। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আবারও গোল করেন এই ব্রাজিলিয়ান। 

সেইসঙ্গে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন ড্যারিয়েলটন। ফেডারেশন কাপে এটি তার ১২তম গোল। লিগে করেছেন ১৭ গোল। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা কিংস।  

ইত্তেফাক/জেডএইচ