নেত্রকোনায় ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

আপডেট : ২১ মে ২০২৬, ২১:১৪

নেত্রকোনার কলমাকান্দায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মামলার একমাত্র আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যরা আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম (২৩) উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৪ মে সকালে কিশোরীটি বাড়িতে একা ছিল। এ সময় অভিযুক্ত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং গামছা দিয়ে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ওই দিনই কিশোরীর মা বাদী হয়ে  কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে চারটা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আসামিপক্ষ মামলা তুলে নিতে ভয়ভীতি ও আপসের চাপ দিচ্ছে। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। জাহাঙ্গীর আমার মেয়েটির সর্বনাশ করল। এখন তার লোকজন আপস মীমাংসার প্রস্তাবসহ মামলা তুলে নিতে ভয়ভীতিসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। মামলার পর প্রথম দিকে পুলিশ এলাকায় গিয়ে খোঁজখবর নিলেও পরে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। এ নিয়ে খুব আতঙ্কে আছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও তার বাবার মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নূর আলম বলেন, ‘ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাদীপক্ষকে হুমকি দেওয়া বা আপসের জন্য চাপ প্রয়োগের বিষয়টি আমাদের জানানো হয়নি। আশা করছি, দ্রুত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

 
ইত্তেফাক/এসজেএস