নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগ: বিতর্কিত টেন্ডার বাতিল করলেন বিজয়

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:৫৯

তামিলনাড়ুতে সরকারি একটি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার। রাজ্যের থুথুকুডি জেলায় একটি পানির ট্যাংক নির্মাণের এই টেন্ডার ঘিরে উঠে আসা স্বচ্ছতার প্রশ্ন এবং বিরোধীদের কঠোর সমালোচনার মুখে সরকার দ্রুত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, থুথুকুডি জেলার একটি গ্রামে ৩,০০০ লিটারের একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬.৮৩ লাখ রুপির এই টেন্ডার প্রক্রিয়াটি গত ১৯ মে সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী, ১৩ মে থেকে ঠিকাদারদের টেন্ডার সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার কথা থাকলেও বাস্তবে প্রক্রিয়াটি পরিচালনা করা হয় অত্যন্ত দ্রুতগতিতে। ১৮ মে সকাল ৯টায় টেন্ডার উন্মুক্ত করে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে অর্থাৎ বিকেল ৩টায় তা বন্ধ করে দেয়া হয়। এরপর পরদিন বিকেল ৪টার মধ্যেই একটি নির্দিষ্ট সংস্থাকে কার্যাদেশ প্রদান করা হয়।

এত কম সময়ে একটি সরকারি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র বিতর্ক।

প্রধান বিরোধী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) এই ঘটনায় সরকারকে নিশানা করে। ডিএমকের সিনিয়র নেতা আমুথারাসান প্রশ্ন তোলেন, “যেকোনো কোম্পানির পক্ষে মাত্র ৬ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরি এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করা কীভাবে সম্ভব?” তিনি অভিযোগ করেন, পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছিল একটি নির্দিষ্ট কোম্পানিকে অবৈধ সুবিধা দেয়ার জন্য।

রাজনৈতিক চাপের মুখে সরকারি নথিপত্রে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করে টেন্ডারটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির তদন্তের স্বার্থে দুই সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তবে এই ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে বিরোধী দলগুলোকে বর্তমান সরকারের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার নতুন সুযোগ করে দিয়েছে।

ইত্তেফাক/এএম