সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশালমিছিল

আপডেট : ২২ মে ২০২৬, ০৯:০২

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যাসহ সব ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার দাবিতে মশালমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি–ঢাকা উত্তর মহানগর। 

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মশালমিছিল বের করা হয়। পরে মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত প্রদক্ষিণ করে।

মশালমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন দলের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ মনসুর।

সমাবেশে আরিফুল ইসলাম আদীব বলেন, পল্লবীর শিশুসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি ক্যান্টনমেন্টে তনু হত্যা, বসুন্ধরায় মুনিয়ার মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনার উল্লেখ করে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নারী নিপীড়নের অভিযোগ উঠে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

সাদিয়া ফারজানা বলেন, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। নারীদের সম্মান ও মর্যাদার সঙ্গে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবশক্তির নেতা তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, রেহেনা আক্তার ও তাহমিনা শারমিনসহ অনেকে।

ইত্তেফাক/এএইচপি