জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব

২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন মাদারগঞ্জের লাখো মানুষ

আপডেট : ২২ মে ২০২৬, ১০:০৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৪০টি এলাকায় গত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় লাখো মানুষ। বিদ্যুৎ না থাকায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কালবৈশাখী ঝড়ের পর থেকেই এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা এখনো স্বাভাবিক হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকাই বিদ্যুৎহীন রয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় অন্ধকারে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

পৌর এলাকার চাঁদপুর গ্রামের দেলোয়ার হোসেনসহ কয়েকজন বাসিন্দা জানান, “২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, মোবাইলও চার্জ দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর এখনো আসেনি।”

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার সকালের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে সাতটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে গেছে। সেগুলো মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও জনবল সংকটের কারণে মেরামতকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

ইত্তেফাক/এএইচপি