হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২২ মে ২০২৬, ১২:৫০

যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ৯ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা লেবাননের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন এবং এটিকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ট্রেজারি এমন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে যারা লেবাননের সরকারে অনুপ্রবেশ করে হিজবুল্লাহকে সহায়তা করছে এবং সহিংসতা ও অস্থিরতা ছড়াচ্ছে।’

ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে রাজনৈতিক ও সামরিক দুইভাবেই প্রভাবশালী। সংগঠনটির সংসদে প্রতিনিধিত্বও রয়েছে। তারা সম্প্রতি লেবানন-ইসরাইল শান্তি আলোচনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল গোষ্ঠীটিকে নিরস্ত্র করার আহ্বান জানিয়ে আসছে। 

নিষেধাজ্ঞার তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, নেতা, আমাল আন্দোলনের সদস্য এবং কিছু সামরিক কর্মকর্তাও রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙতে সহায়তাকারী তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।

লেবাননের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধবিরতির পরও কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/ আরএইচ