সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটরে দুর্বৃত্তের আগুন

আপডেট : ২২ মে ২০২৬, ১৬:১০

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে এই ঘটনা ঘটেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যে খাল খনন করা হচ্ছিল, এর নাম পিলাক। গত ২৮ এপ্রিল খালটির খনন শুরু হয়। এরই মধ্যে খালের বেশ কিছু অংশে খননের কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খাল খননের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটরটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক্সক্যাভেটরটি পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির সভাপতি অংগ্যজয় মারমা বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা এসে এক্সক্যাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরেছি।’

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। তিনি বলেন, ‘এক্সক্যাভেটরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।’

গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে।’

ইত্তেফাক/এপি