রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার হত্যাকারীদের বিচারের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা সুষ্ঠু বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে রামিসার জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের তার বাবা এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে (তার বাসায়) এখানে এসেছি। তার ভালোবাসা এবং আমাকে দেওয়া যে কথা, সে কথার ওপর আমি ১০০ ভাগ বিশ্বাসী যে আমার মেয়ের হত্যার বিচার পাবো। সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবো।’
এ সময় রামিসার বাবা আরও বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের আইন মেনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা যাতে নিশ্চিত করা হয়।’
এর আগে মসজিদে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।
উল্লেখ্য, ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে (৩৪) আটক হয়েছে। নিহত রামিসার বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে।

মিরপুরে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী