বাংলাদেশে পুশ-ইন হওয়া পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত, নাগরিকত্ব যাচাইয়ের সিদ্ধান্ত

আপডেট : ২২ মে ২০২৬, ১৮:৩৯

বাংলাদেশে গত বছরের জুনে পুশ-ইন করা পাঁচজনকে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ফিরিয়ে আনার পর তাদের ভারতীয় নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে সরকার। শুক্রবার (২২ মে) ভারতের সুপ্রিম কোর্টে এ তথ্য উপস্থাপন করা হয়।

প্রধান বিচারপতি সুরিয়া কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিক ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় ওই পাঁচজনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকার তাদের ফিরিয়ে এনে সার্বিক অবস্থা পরীক্ষা করবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট বাংলাদেশে পুশ-ইন হওয়া ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। পরে ওই রায়ের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।

জানা যায়, পুশ-ইন হওয়া ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক নারীকে তার আট বছর বয়সী সন্তানসহ ভারতে ফিরিয়ে নেওয়া হয়। সে সময় তিনি গর্ভবতী ছিলেন এবং পরে পশ্চিমবঙ্গের বীরভূমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

বাকি পাঁচজন দিল্লিতে বসবাসরত ছিলেন বলে দাবি করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে ধরে নিয়ে দেশে পাঠানো হয়েছিল। এই ঘটনায় দুটি পরিবারের ছয় সদস্য পুশ-ইনের শিকার হন এবং পরে তারা আদালতের দ্বারস্থ হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ইত্তেফাক/এমএএম