কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করেছে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই-এর নেতৃত্বে দলটি বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন।
চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনিস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
চীনা প্রতিনিধি দলটি সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলার নদীর উপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন।
এর আগে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি। সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবন মান উন্নয়ন হবে ৩ উপজেলার প্রায় ৮ লাখ মানুষের। সুবিধা মিলবে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা নেওয়ারও সুযোগ বাড়বে।
বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করার পর রির্পোট দিলে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

