কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক বকুল (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার (২৩ মে) দুপুরে জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপি’র ছাতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বকুল দৌলতপুরের ছাতাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে বকুল (৩৫)। তিনি বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এতে শনিবার দুপুরে মালিথা গ্রুপ ও প্রতিপক্ষ মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ-হামলা ঘটনা ঘটে। একপর্যায়ে গুলি বর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে বকুল পায়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালের রেকর্ড অনুযায়ী তিনি ‘গান ফায়ার’ (গুলিতে) আহত বলে উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় মামলা করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
