হুমকির অভিযোগ

মোদির ঝালমুড়ি খাওয়া দোকানের নিরাপত্তায় চার পুলিশ সদস্য মোতায়েন

আপডেট : ২৩ মে ২০২৬, ২৩:১৬

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণার সময় একটি ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাতারাতি আলোচনায় চলে আসেন দোকানটির মালিক বিক্রম কুমার সাও।

তবে পরিচিতির পাশাপাশি তাকে নানা হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্রম কুমার সাও দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে তার নিরাপত্তা জোরদার করতে ঝালমুড়ির দোকানের সামনে ভারতের কেন্দ্রীয় পুলিশের চার সদস্যকে মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে বলেও জানা গেছে।

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রম কুমার সাও হুমকি পাওয়ার অভিযোগ করে থানায় অভিযোগ জানিয়েছেন। এরপর তার নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ঝারগ্রাম টাউনের রাজ কলেজ মোড়ে অবস্থিত ওই দোকানে ঝালমুড়ি খান মোদি। এরপর ওই দোকানের মালিক বিক্রম বেশ পরিচিতি পান।

তিনি ঝারগ্রাম থানায় লিখিত অভিযোগে বলেছেন, তাকে ফোনে ও ম্যাসেজে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। আর যারা হুমকি দিচ্ছেন তারা নিজেদের বাংলাদেশি ও পাকিস্তানি হিসেবে দাবি করছেন। এতে তিনি ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন অবস্থায় কয়েকদিন দোকানও বন্ধ করেছেন। 

এ ঝালমুড়ি বিক্রেতা অভিযোগ করেছেন, তাকে হত্যার পাশাপাশি দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

ঝারগ্রাম থানার এক কর্মকর্তা বলেছেন, বিক্রমের অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: ইকোনোমিক টাইমস

 
ইত্তেফাক/এমএস