বেশ দুরন্ত ও আক্রমণাত্মক ‘এমবাপ্পের’ দাম ১০ লাখ

আপডেট : ২৪ মে ২০২৬, ২১:২৯

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী সরকার হাট। বাজারে নানা জাতের গরুর পাশাপাশি নজর কাড়ছে ‘এমবাপ্পে’ নামের বিশাল আকৃতির একটি মহিষ। ভারতের মুররাহ জাতের এই মহিষটি বর্তমানে আনোয়ারার সরকার হাটের সবচেয়ে আলোচিত পশু।

রাসেল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. রাসেল জানান, তিন বছর আগে তার খামারেই জন্ম নেওয়া এই মহিষটির বর্তমান ওজন ৭০০ কেজিরও বেশি। তিনি জানান, মহিষটির গায়ের রঙ কুচকুচে কালো, স্বভাব বেশ দুরন্ত ও আক্রমণাত্মক—ঠিক ফুটবল তারকা এমবাপ্পের মতো চঞ্চল। এসব কারণেই শখের বশে মহিষটির নাম রাখা হয়েছে ‘এমবাপ্পে’। বর্তমানে এর দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা, তবে বিভিন্ন ক্রেতা ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাম হাকিয়েছেন।

আনোয়ারার এই হাটে গরু ও মহিষের বিশাল সমাহার রয়েছে। আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া এমনকি চট্টগ্রাম শহর থেকেও অনেক ক্রেতা এখানে ভিড় করছেন। বাজারে ৮০ হাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের গরু এবং ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ টাকা মূল্যের মহিষ পাওয়া যাচ্ছে।

হাট ইজারাদার ক্যাপ্টেন নুর মোহাম্মদ জানান, হাটে প্রতিদিন গড়ে ১০০ থেকে হাজারের বেশি পশু বিক্রি হচ্ছে। অন্যান্য বাজারের তুলনায় হাসিল (ট্যাক্স) কম হওয়ায় দূর-দূরান্তের ক্রেতারা এখানে পশু কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্রেতাদের নিরাপত্তার জন্য পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

কোরবানির পশুর হাটের নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। তিনি বলেন, হাটের পাশাপাশি সড়কগুলোতেও পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএম