৩২ লাখ টাকায় মন্ত্রীর গরু কেনা নিয়ে পাটওয়ারীর ক্ষোভ

আপডেট : ২৬ মে ২০২৬, ২১:৩২

৩২ লাখ টাকা দিয়ে একজন মন্ত্রী গরু কেনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মন্ত্রীর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন এসব কথা বলেন। তিনি জানতে চান, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি (বছরে) ৪২ লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় ব্যয় করেন, তাহলে সারা বছর সংসার চালাতে তার আয়ের উৎসটা কী। এই অংকের সমাধান বাংলাদেশ চায় বলেও জানান তিনি

এর আগে একই সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে কথা বলেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।’

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা মনে করি, সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আমাদের কোনো চুক্তিতে তারা বাধ্য করবে। আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে, যেখানে আবার গণতন্ত্র ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি।’

ইত্তেফাক/এসএইচ