সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

আপডেট : ২৭ মে ২০২৬, ১১:৪৯

দেশের ছয় জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম