ইসরায়েলি হামলায় ঐতিহ্যবাহী স্থানগুলো ‘মারাত্মক ঝুঁকির’ মুখে: লেবাননের সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ২৯ মে ২০২৬, ১৯:২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার কারণে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ‘গুরুতর ঝুঁকির’ মুখে পড়েছে বলে দাবি করেছেন লেবানের সংস্কৃতিমন্ত্রী ঘাসান সালামে। বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাচীন শহর টায়ারের ধ্বংসাবশেষের খুব কাছেই বোমা হামলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নাবাতিয়াহ শহরের ওপর অবস্থিত মধ্যযুগীয় বোফোর্ট ক্যাসল দুর্গেও সরাসরি আঘাত হানা হয়েছে। ঘাসান সালামে বলেন, চলমান হামলার কারণে লেবানের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এখন মারাত্মক হুমকির মধ্যে রয়েছে।’

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে গত কয়েক সপ্তাহ ধরে লেবাননে রীতিমত গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সীমান্তে স্থল অভিযানের পাশাপাপাশি রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় চলছে নির্বিচার বোমাবর্ষণ।

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন শক্তির মুখে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর একের পর এক ড্রোনের আঘাতে হতাহত হচ্ছেন ইসরায়েলি সেনারাও।

লেবানন সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইসরায়েলের আগ্রাসন। বুধবার (২৮ মে) বৈরুতের দক্ষিণ শহরতলির শউইফাত এলাকায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। কয়েক সপ্তাহের মধ্যে বৈরুতের কাছে এটিই প্রথম হামলা।

ইসরায়েলের দাবি, ইরান ও হিজবুল্লাহপন্থি মিলিশিয়া জোট ‘ইমাম হুসেন ডিভিশন’-এর ক্ষেপণাস্ত্র শাখার প্রধান আলী আল-হুসাইনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে চলছে উচ্ছ্বেদ অভিযান। নতুন করে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বাড়ছে গৃহহারা মানুষের সংখ্যা। বিনা কারণে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এদিকে হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার কাছে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একের পর এক সশস্ত্র ড্রোনের আঘাত ঠেকাতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোনের আঘাতে নিয়মিত প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা।

সর্বশেষ আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সামরিক বিশ্লেষকদের মতে, এই ড্রোন হামলা থামাতে না পেরে মরিয়া হয়ে নির্বিচারে ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে ইসরায়েল।

এক সপ্তাহে ১৫ শিশু নিহত
 
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ চললেও গত এক সপ্তাহে লেবানে অন্তত ১৫ শিশু নিহত এবং ৬২ শিশু আহত হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই সংখ্যাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতের সময় সব পরিস্থিতিতেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, ‘লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত এক সপ্তাহেই ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাত দিনে ১৫ শিশু নিহত এবং ৬২ শিশু আহত হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১১ শিশু হতাহত হচ্ছে। আমরা বুঝতে পারছি, এদের অধিকাংশই দক্ষিণ লেবানে বিমান হামলার শিকার হয়েছে। শুধু গতকালই ৭ শিশু নিহত এবং ৩০ শিশু আহত হয়েছে।’

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান হামলা ও সংঘাতের কারণে লেবানের দক্ষিণাঞ্চলে শিশুদের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

 
ইত্তেফাক/এসএইচ