যুক্তরাষ্ট্রের এমকিউ–১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আপডেট : ৩১ মে ২০২৬, ১৫:৫৫

ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ–১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। দ্রুত সেটিকে শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এর আগে গত মঙ্গলবার আইআরজিসি বলেছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার ‘বৈধ ও সুনিশ্চিত’ অধিকার তারা সংরক্ষণ করে। একই সময় তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ–৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানোর দাবি করেছে আইআরজিসি।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘আত্মরক্ষামূলক হামলার’ পরই মার্কিন ড্রোন ভূপাতিত করার এ দাবি সামনে আনলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।  

সূত্র: গালফ নিউজ

ইত্তেফাক/এসজে