রাজধানীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৩:৪৬

রাজধানীর ধোলাইখাল গীতসংগীত সিনেমা হলের সামনে বালুর ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তারা হলেন, জামাল গাজী (৫০), জয়নব বেগম (৪৫) ও সাদিয়া আক্তার (৭)। তারা ঢাকা জুরাইন কমিশনার রোডে সপরিবারে বসবাস করতো।

আরও পড়ুন: নড়াইলে চিত্রশিল্পীএসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামাল গাজীর ৪ সদস্যের পরিবারটি ঈদ করার জন্য গ্রামের বাড়ি পটুয়াখালি বাউফলে যাচ্ছিলেন। তারা আজ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর জুরাইন থেকে রিকশায় ধোলাইখাল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গীতসংগীত সিনেমা হলের সামনে পৌঁছলে বালুভর্তি একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদের বহনকারী রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় সবাইকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে এ শিশুটিকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ীর সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, ময়না তদন্তের জন্য শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম