ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৩৪

ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আক্রান্ত মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন বৈরী মার্কিন অভিযানের মূল কেন্দ্র হিসেবে কাজ করছিল। তবে ওয়াশিংটন এই দাবি সরাসরি অস্বীকার করে বলেছে যে ইরান সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বুধবার (৩ জুন) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে তারা সুনির্দিষ্টভাবে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। 

ইরানের নৌবাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার উপযুক্ত জবাব হিসেবেই তারা শত্রুতামূলক কর্মকাণ্ডের এই মূল ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’কে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের নৌবাহিনী স্পষ্ট করেছে যে তারা এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক তৎপরতার ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বুধবার গভীর রাতে ইরানের এই সামরিক দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় বলেছে, ইরান বিশ্ববাসীর কাছে স্পষ্ট মিথ্যা বলছে এবং সমুদ্রে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সম্পদ ও যুদ্ধজাহাজ সম্পূর্ণ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ