ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)।

আকিবুল স্থানীয় একটি হেফজ মাদ্রাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে ২ ভাই একত্রে নানার পুকুরে গোসলে নামে। এই সময় ছোট ভাই তলিয়ে গেলে অন্য বড় ভাই তাকে তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি