জামালপুরে ‘হিটস্ট্রোকে’ কৃষকের মৃত্যু 

আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:১৪

তীব্র গরমে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে জামালপুরের মাদারগঞ্জের উপজেলায় টুনু আকন্দ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) তিনি অসুস্থ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত টুনু আকন্দের বাড়ি উপজেলার গুনারীতলা ইউনিয়নের পশ্চিম মোসলেমাবাদ গ্রামে।

টুনু আকন্দের পরিবারের সদস্যরা জানান, তীব্র রোদে সাংসারিক কাজ করার সময় প্রচণ্ড গরমে সে অসুস্থ হয়ে পড়েন টুনু আকন্দ। এসময় সঙ্গে সঙ্গে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার ছেলে রিফাত আকন্দ।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইত্তেফাক/এপি