চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ৬

আপডেট : ০৪ জুন ২০২৬, ২১:৪৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার (১৯), রানীবাজার এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল (১৪), নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম (৪১) এবং গোসাইপুর গ্রামের মো. শাফিউলের ছেলে হাসান আলি লালু (২১)।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, তিনজনই মারা গেছেন বাড়িসংলগ্ন আমবাগানে। ঝড়বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা। তাদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানা তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে আব্দুল্লাহ (১৭) বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গরুটিও মারা যায়।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কেটে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় সুমিয়ারা বেগম বজ্রপাতে মারা যান। এ ছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।

একদিনে জেলার তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইত্তেফাক/এমএসআর