কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাড়ি ফেরার ঠিক আগমুহূর্তে তার বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে একটি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।
বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে পৌঁছান আইভী। এরপর থেকেই আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে। এর মধ্যেই বাড়ির সামনের সিসি ক্যামেরা স্থানীয়দের নজরে আসে।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিয়ে কথা বলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে নয়, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, 'এলাকাটিতে মোট চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর একটি আইভীর বাসার সামনের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে।'

