আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ দেশের জনগণের মধ্যে ইসরায়েল সম্পর্কে চরম নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের বেশিরভাগ উত্তরদাতা ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ ও বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপের ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা দেশটির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
পিউ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপের অধিকাংশ সাক্ষাৎকারই নেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর, যা বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি করেছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের পাশাপাশি ইরানের বিরুদ্ধে এই নতুন যুদ্ধ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে।
ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরায়েলের প্রতি ক্ষোভ ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও এই চরম অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কোনো জরিপ চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
শুধু মুসলিম বিশ্বই নয়, ইউরোপের দেশগুলোতেও ইসরায়েলবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অত্যন্ত তীব্র নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংসতার কারণে দেশটির ভাবমূর্তি আগে থেকেই তলানিতে ছিল, তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। যে ২৪টি দেশে পূর্ববর্তী বছরের তুলনামূলক তথ্য ছিল, তার মধ্যে অন্তত ১৩টি দেশেই ইসরায়েলের প্রতি মানুষের ক্ষোভ গত বছরের চেয়ে বহুগুণ বেড়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় ২০২৫ সালেও ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব ছিল ৪৬ শতাংশ মানুষের, যা চলতি বছরে একলাফে বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করা মানুষের সংখ্যা দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বমঞ্চে ইসরায়েলের চরম একাকীত্ব ও বিচ্ছিন্নতার বিষয়টিকে আরও একবার স্পষ্ট করে তুললো।
সূত্র: আল-জাজিরা

