ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে স্কুল-কলেজ খুলছে রোববার

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:৫০

দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা ছন্দে ফিরছে দেশের শিক্ষাঙ্গন। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন।

তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

ইত্তেফাক/এসজেএস