প্রযুক্তিনির্ভর নেভিগেশনের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ৭০ বছর বয়সী এক নারী তার এসইউভি গাড়ি নিয়ে সোজা উঠে পড়েন উড়াল মেট্রোরেল লাইনে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সিয়াটল শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রেললাইনে ওঠার পর গাড়িটি প্রায় ৪০০ মিটার পথ অতিক্রম করে এবং শেষ পর্যন্ত মাউন্ট বেকার স্টেশনের উড়াল অংশে গিয়ে আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীরা রেললাইনে একটি গাড়ি চলতে দেখে বিস্মিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রেললাইনের ওপর চলতে গিয়ে গাড়িটির চাকা বারবার লাইনের খাঁজে আটকে যাচ্ছিল।
ঘটনার কারণে সিয়াটলের লাইট রেল পরিষেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়। উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ক্রেন ও বিশেষ সরঞ্জামের সাহায্যে গাড়িটি নিরাপদে রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
সিয়াটল মেট্রোপলিটন এলাকার গণপরিবহন সংস্থা সাউন্ড ট্রানজিট গাড়িটি উদ্ধারের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, উড়াল ট্রেনের লাইনে গাড়ি উঠে পড়ায় ট্রেন চলাচল স্থগিত করা হয়। সবকিছু ঠিকঠাক করে আবার ট্রেন চালু করা সম্ভব হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাউন্ট বেকার স্টেশনের দক্ষিণে একটি স্থানে রেললাইন ও সড়ক কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিপিএসের নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ওই নারী সেখান থেকেই ভুলবশত রেললাইনে গাড়ি তুলে দেন।
সিয়াটল পুলিশ বিভাগের সার্জেন্ট প্যাট্রিক মিশৌ বলেছেন, গাড়ির চালক ৭০ বছর বয়সী নারী। পুলিশের জেরার উত্তরে ধরা পড়ে তিনি মানসিকভাবে বেশ বিভ্রান্ত ছিলেন। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

