হিলি সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আপডেট : ০৬ জুন ২০২৬, ১৬:০২

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় অরক্ষিত সীমান্ত এলাকাগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইন করা লোকজনকে শুক্রবার রাতে আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। একইভাবে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধার মুখে শূন্যরেখার কাছে অবস্থান করা ব্যক্তিদের শনিবার সকালে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

এদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করা লোকজনও শুক্রবার রাতে আরও ভেতরের দিকে সরে গেছে।

বিজিবি জানিয়েছে, জেলার সব সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার চারটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।

ইত্তেফাক/এমএএম