ট্রাম্পের দাবি

ইরানের সামরিক সক্ষমতা ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ ও ক্ষেপণাস্ত্র মজুত ২১%

আপডেট : ০৬ জুন ২০২৬, ১৭:৫৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সামরিক সক্ষমতা প্রায় ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র মজুত এখন মাত্র ২১ শতাংশে নেমে এসেছে।

শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

এর আগে শুক্রবার (৫ জুন) এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন অবকাঠামো ও উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান সম্পর্কে অবগত এবং সেগুলোর বড় অংশ ধ্বংস করা হয়েছে। একইভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের উল্লেখযোগ্য অংশ অকার্যকর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত সম্পর্কে নির্দিষ্ট তথ্য না দিলেও ট্রাম্প বলেন, “তাদের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে, তবে শতাংশের হিসাবে এখন তা প্রায় ২১ বা ২২ শতাংশে নেমে এসেছে।”

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানের পর ইরানের সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে, তবে এখনও কিছু অস্ত্র মজুত রয়েছে।

শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান থাকলেও চূড়ান্ত চুক্তি এখনো নিশ্চিত নয়। তার মতে, ইরান বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না, ফলে আলোচনায় অগ্রগতি ধীর হচ্ছে।

হোয়াইট হাউসে এক পৃথক বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচকভাবে এগোচ্ছে’ এবং চলতি সপ্তাহেই কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে ইরানের ওপর আবারও সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য “খুব সহজ”, তবে তিনি যুদ্ধের পরিবর্তে লিখিত চুক্তির মাধ্যমে সমাধান চান।

ইত্তেফাক/এমএএম