মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। এবারের বিশ্বকাপই হয়তো তার ক্যারিয়ারের শেষ আসর। আর তাই শেষ বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন সম্প্রতি লিভারপুলকে বিদায় বলা এই তারকা।
আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি মিশর। রেকর্ড সাতবার আফ্রিকান চ্যাম্পিয়ন তারা। নিজেদের চতুর্থ বিশ্বকাপ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে মিশর। তবে মহাদেশীয় পর্যায়ে এত সাফল্য থাকলেও বিশ্বকাপের আসরে এখনো উল্লেখযোগ্য কোনো অর্জন নেই তাদের।

মিশরের সেরা বিশ্বকাপ অর্জন এসেছিল ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত আসরে। সেবার তারা শেষ ষোলোতে খেলেছিল, যা এখনো পর্যন্ত দেশটির সর্বোচ্চ সাফল্য; যদিও সে বিশ্বকাপে খেলা শুরুই হয়েছিল শেষ ১৬ থেকে।
তবে সাবেক মিশর অধিনায়ক আহমেদ ফাতি বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপে সালাহ বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ২০২৬ বিশ্বকাপে সালাহ ফারাওদের হয়ে বড় কিছু অর্জন করবে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই আমি তার সঙ্গে খেলেছি। ২০১২ লন্ডন অলিম্পিক এবং ২০১৮ বিশ্বকাপেও আমরা একসঙ্গে ছিলাম। সে সবসময় পার্থক্য গড়ে দিয়েছে, এবারও সেটাই করবে বলে আশা করি।
এ দিকে মিশরের ফরোয়ার্ড মাহমুদ হাসান ত্রেজেগে সালাহকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে মনে করেন। তিনি বলেন, আমার কাছে সালাহ বিশ্বের সেরা খেলোয়াড়। আমাদের জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন তারকা নন, একজন নেতা, যিনি দলকে আত্মবিশ্বাস ও শক্তি জোগান।
মিশরের কোটি কোটি সমর্থকের মতো ফাতিরও বিশ্বাস, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সালাহ হয়তো এমন একটি অধ্যায় রচনা করবেন, যা তাকে শুধু দেশের নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও আরও উজ্জ্বল করে তুলবে।

