ইরানের বিশ্বকাপ দলের ১৪ জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:০৪

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে দলের সঙ্গে যুক্ত স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। সংস্থাটির দাবি, বিশ্বকাপে ইরান দলের ‘প্রধান বেশ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে’ ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ফিফার কাছে অভিযোগ জানাবে দেশটি। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের ১৪ কর্মকর্তা ও স্টাফ। এর মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবী আছেন। তবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভিসা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের ফুটবলপ্রধান মেহেদি তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইআরজিসির সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এবারের বিশ্বকাপে ফিফা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেজক্যাম্প নির্ধারণ করলেও পরে দলটির অনুরোধে তা মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়। গত ১৮ মে তুরস্কে অনুশীলন ক্যাম্প করে ইরান, সেখানে থেকেই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা হয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব কর্মকর্তাকে ভিসা দেয়নি, তারা দলের সঙ্গে মেক্সিকোয় যাবেন। এর মধ্যে তাদের ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। শনিবার মেক্সিকোর উদ্দেশে তুরস্ক ছেড়েছে ইরান দল।

ইরান ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত ‘কার্যত ইরান জাতীয় দলকে একটি বৈষম্যহীন ও সমান সুযোগের প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে’।

এদিকে তুরস্কের আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ইরান দলের ভিসা প্রসেস করার জন্য তাঁর দূতাবাসের কর্মীদের অভিনন্দন জানিয়েছিলেন।

এর জবাবে আঙ্কারার ইরানি দূতাবাস পাল্টা পোস্টে লেখে, ‘নিজেদের প্রশংসা করে আপনারা এমন এক আচরণকে ধামাচাপা দিতে পারেন না, যা ফিফার নিয়ম লঙ্ঘন করে এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতাকে ক্ষুণ্ন করে। এটি খেলাধুলার মধ্যে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপের নিকৃষ্টতম উদাহরণ।’

শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ইরান দলের সব ফুটবলারের ভিসা অনুমোদন করা হয়েছে। তবে বার্তা সংস্থা এপিকে একজন মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দেন, ইরানের দলটির সঙ্গে যুক্ত কিছু আবেদনকারী ‘মিথ্যা অজুহাতে’ ভিসার আবেদন করায় তা বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ