কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:০৮

কুমিল্লায় হাম উপসর্গে সিমরান নামে ৬ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটির মৃত্যু হয়েছে। 

সিমরান কুমিল্লা নগরীর নুরপুর এলাকার শিমুল মিয়ার মেয়ে। রোববার (৭ জুন) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন। 

কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টসহ হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। গত ৪ জুন সন্ধ্যা ৬টার দিকে সংকটাপন্ন অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম উপসর্গ থাকলেও সে নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করে। 

তিনি আরও জানান, শিশুদের ক্ষেত্রে হাম আক্রান্ত হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এক্ষেত্রে অন্যান্য জীবাণু দ্বারা ওই শিশুটি আক্রান্ত হওয়ার শংকাও থাকে। তাই কোনো শিশুর জ্বর, কাশি, সর্দি দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। একইসাথে তিনি শিশুদের সুষম পুষ্টিকর খাবার প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০ জনের।

ইত্তেফাক/এএইচপি