৫ মাস পর ভারত থেকে ফিরছেন ৯১ বাংলাদেশি জেলে

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:৫৪

দীর্ঘ প্রায় পাঁচ মাস কারাভোগের পর অবশেষে দেশে ফিরছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার (৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ তাঁদের আন্তর্জাতিক জলসীমার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে দুই দেশের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে জেলেদের বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের চারটি ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারসহ ৯১ জন জেলেকে আটক করে। পরে তাঁদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে জেলেদের ভারতীয় কারাগারে রাখা হয়। চার মাসেরও বেশি সময় বন্দি থাকার পর সব আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ায় তাঁদের নিজ দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে জেলেদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আটক জেলেদের অধিকাংশের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। দীর্ঘদিন পর তাঁদের দেশে ফেরার খবরে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এমএএম