লেবাননে নিহত দু’জনের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:১১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিক শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (৭ জুন) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন।

মরদেহ গ্রহণের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আফসার আলী ও মা আজেয়া খাতুন। অপর নিহত নাহিদুল ইসলাম নাহিদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে। তাঁর বাবা মো. আব্দুল কাদের এবং মা নূরনাহার খাতুন।

মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট গত ৫ জুন বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। পরে দোহা হয়ে রবিবার ভোরে মরদেহ দুটি ঢাকায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এর মধ্যে পুলিশ রিপোর্ট, মরদেহ পরিবহনের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, লেবাননে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 
ইত্তেফাক/এমএএম