চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন লেওনার্দো বালের্দি। শনিবার (৬ জুন) তার বাদ পড়ার খবর নিশ্চিত করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এছাড়া আরও তিন ফুটবলারকে নিয়ে শঙ্কায় রয়েছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বালের্দি তো ছিটকে পড়েছেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন আরও কয়েকজন খেলোয়াড়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত তিনজন খেলোয়াড় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন।
রোববার (৭ জুন) প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে বালের্দির পরিবর্তে কাউকে নেওয়া হয়েছে কি না জিজ্ঞাসা করেন এক সাংবাদিক।
এ সময় আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। আর সিদ্ধান্তটা হয়তো শুধু একজন সেন্টার-ব্যাককে ঘিরেই হবে না। আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে, এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাব। একজন খেলোয়াড়ের পরিস্থিতি আমাদের আরও কয়েকজনের অবস্থা মূল্যায়ন করতে বাধ্য করছে। অন্যদের শারীরিক অবস্থা না দেখে আগামী মঙ্গলবারের আগে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।’
টিওয়াইসি স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এই মুহূর্তে চোট নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রা পারেদেসকে নিয়ে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে যে ছয় খেলোয়াড় বেঞ্চেও ছিলেন না, তাদের মধ্যে তিনজন তারাই।

