নাটোরে সাবেক প্রতিমন্ত্রী পলকের পিএ মানিকসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৮:২৮

নাটোরের সিংড়ায় উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাহিদুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ।

সোমবার (৭ জুন) সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ (পার্সোনাল ফটোগ্রাফার) হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে কলম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। রাত ৩টার দিকে এই দুই জনকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, তাদের দুজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এপি