কক্সবাজারে ছেলের গুলিতে বাবার মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৯:৪৭

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আয়াছ ও তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আয়াছ গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

অভিযুক্ত জুবায়ের ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, পুত্রের গুলিতে পিতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে।

 
ইত্তেফাক/এমএএম