সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৫৮

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল-খারজ বিমানঘাঁটির আশপাশে বিকট শব্দে বিস্ফোরণের খবরের পরই এ সতর্কতা জারি করা হয়।

তবে কিছু সময় পর সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, আল-খারজ অঞ্চলে সৃষ্ট ঝুঁকি কেটে গেছে। যদিও কী ধরনের হুমকি বা ঘটনার কারণে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হলেও তেহরান তা সরাসরি নাকচ করেছে। ইরানের দাবি, সোমবার সৌদি আরবে তারা কোনো ধরনের হামলা চালায়নি।

সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, আল-খারজ বিমানঘাঁটিতে ইরানের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

 
ইত্তেফাক/এসজে