এবারের বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন কোচ দিদিয়ের দেশম। সেইসঙ্গে ১৪ বছরের এক দীর্ঘ গৌরবময় অধ্যায়ের ইতি ঘটবে। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দেশম। ২০২২ বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি। তাই বিদায়ী উপহার হিসেবে দেশমকে বিশ্বকাপ শিরোপা দিতে চান ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
শনিবার (৬ জুন) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘আমরা সবাই জানি, কোচের এটাই শেষ টুর্নামেন্ট। ফরাসি দলে তার সাফল্য আকাশছোঁয়া, তিনি অসাধারণ এক কোচ। তার মতো একজনকে ডাগআউটে পেয়ে আমরা গর্বিত। এর আগেও আমরা তার অধীনে বিশ্বকাপ খেলেছি।’
দেশমকে বিদায়ী উপহার হিসেবে আবার বিশ্বকাপের ট্রফিটা দিতে চান ডেম্বেলে। ফরাসি উইঙ্গার বলেন, ‘তার চলে যাওয়ার ঘোষণা এই টুর্নামেন্টে আমাদের মানসিকতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না। আমরা তার হাত ধরে ফাইনালে উঠে দারুণ এক সমাপ্তি টানতে চাই। দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর ওর অগাধ আস্থা। প্রতিটি ম্যাচের পর তিনি আমাদের অভিনন্দন জানান, অনুপ্রাণিত করেন।’
নিজের ক্যারিয়ারে দেশমের অবদানের কথা উল্লেখ করে ডেম্বেলে বলেন, ‘আমার ব্যক্তিগত ক্যারিয়ারেও তিনি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কোচ হিসেবে ওর শেষটা রাঙাতে নিজেদের উজাড় করে দেব, কারণ এটা তার পাওনা।’

কাগজে-কলমে এবারের বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স। তবে বিশ্বকাপের মঞ্চে যে ফেভারিট তত্ত্ব খাটে না, সেই বুঝছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘কাগজে-কলমে অনেকেই ফেভারিট। কিন্তু মাঠের লড়াই যখন শুরু হয়, তখন লড়াইটা এগারো বনাম এগারোজনের। তখন আর কোনো ফেভারিট থাকে না। আমাদের পুরো মনোযোগ ধরে রাখতে হবে।’

