নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে: ইরান

আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:২৪

ইরানের ওপর চালানো সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাগুলো মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ এর সঙ্গে পুরোপুরি সমন্বয় করে করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি দায় রয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সব রকমের পরিণতি যুক্তরাষ্ট্রকেই ভোগ করতে হবে। 

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা এই খবর নিশ্চিত করেছে।

মুখপাত্র ইসমাইল বাঘেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ‘আইএইএ’ তীব্র সমালোচনা করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ রাজনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন। আজ ভোরের দিকে দক্ষিণ-পশ্চিম ইরানে অবস্থিত একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি বিমান হামলা হয়, যার ফলে ওই শিল্প কমপ্লেক্সের আংশিক ক্ষতি হয়েছে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তেহরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আজ সকাল থেকে ইসরায়েলের বেশ কয়েকটি শহরেও অনবরত সতর্কতামূলক সাইরেন বাজছিল। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনাকারী আঞ্চলিক দেশগুলোর ওপর পাল্টা আঘাত হেনেছিল।

পরবর্তী সময়ে গত আট এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি অর্জিত হলেও এর বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক এবং আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তনের কারণে শান্তি আলোচনা পুরোপুরি থমকে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ