শত্রুতার জেরে মদ খাইয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২৬, ২১:০৬

রংপুরের মিঠাপুকুরে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতার জেরে চারজনকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার অভিযোগে দুইজন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তাররা হলেন মো. রফিকুল ইসলাম (৪৫) এবং  মো. শফিকুল ইসলাম (৪০)। তারা দুজনই মিঠাপুকুর থানার মো. সোলেমান মিয়ার ছেলে এবং সম্পর্কে আপন ভাই।

মামলার এজাহারের বরাতে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় নিহতের ভাগিনা মো. জাহিদুল ইসলাম মামলা দায়ের করেছেন। ভিকটিম বাদীর মামা মামলা আসামিদের অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে শক্রুতার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাতে আসামি মো. রফিকুল ইসলাম কৌশলে তার আম ও মালটা বাগানে নিয়ে গিয়ে ভিকটিম এবং তার তিন বন্ধুকে বিষাক্ত এবং অতিরিক্ত পরিমাণ মদপান করান।

পরে ভিকটিমসহ অন্যান্যরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় এবং ভিকটিমসহ সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাদী ও পরিবারের সদস্যরা ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত ১ জুন দুপুর ২টায়  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মো. সাজু মিয়ার (৫৫) মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের সঙ্গে থাকা তার তিনজন বন্ধুরও বিভিন্ন সময়ে মৃত্যু হয়।

এ ঘটনার ধারাবাহিকতায় গত ২ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি