জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:১৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে।

সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজারবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন পৌর শহরের মহিলা কলেজ রোড শিলাসী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি পরিবারের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিনের জন্মদিন উপলক্ষে রাতে শহরের পশু হাসপাতাল রোডের বউ বাজার এলাকায় কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তিনি তার বন্ধু মাসুমের (২৪) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী ৫–৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

দুর্বৃত্তরা প্রথমে গামছা দিয়ে মুখ ঢেকে এবং পরে মরিচের গুঁড়া ছিটিয়ে রবিন ও মাসুমের ওপর হামলা চালায়। এরপর পাইপ ও রড দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। মাসুম দৌড়ে পালাতে সক্ষম হলেও রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা রবিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এদিকে মঙ্গলবার (১০ জুন) দুপুরে পুলিশ শহরের কলেজ রোড এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মোতালেব মিয়ার ছেলে রাজিব (৪২) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রবিনের মা শান্তা বেগম ছেলের মৃত্যুতে আহাজারি করে বলেন, “ছেলে আমাকে ফোন করে বলেছিল, মা আমি আসছি, তোমার হাতে ভাত খাব। কিন্তু আমার ছেলে আর ফিরল না। আমি খুনীদের ফাঁসি চাই।”

নিহতের বাবা মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, বাজারের ব্যবসায়ি মোতালেবের ছেলেদের সাথে অনেক আগে আমার ছেলের শক্রতা ছিল । আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।

গফরগাঁও থানার ওসি আ.স.ম. আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চাপাতি, রড, পাইপ ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি