২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র তিন দিন বাকি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। তবে গত তিন মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বকাপেও। যার পরিপ্রেক্ষিতে ইরানের ফুটবলপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য নাও হতে পারে।
ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে গ্রুপ পর্বের ম্যাচগুলো ইরানের ফুটবলসমর্থকেরা দেখতে পারবেন না। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগ করে, ইরানিদের জন্য বরাদ্দ করা টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
এফএফআইআরআই বলেছে, ‘২০২৬ বিশ্বকাপ শুরুর তিন দিনও বাকি নেই। যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিন ম্যাচে স্টেডিয়ামগুলোতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিয়েছে। ইরানিদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।’
এফএফআইআরআই জানিয়েছে, তারা (এফএফআইআরআই) হাতে গোনা কয়েকটা টিকিট পেয়েছে। পরে গ্রুপ পর্বের তিন ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছিল। ইরানের অনেক সমর্থক এরই মধ্যে ভ্রমণের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে ইরান ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দকৃত টিকিট প্রত্যাহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই ফেডারেশন সমর্থকদের একটা টিকিটও দিতে পারছে না।
ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়। এসব টিকিট সংশ্লিষ্ট ফেডারেশন তাদের সমর্থকদের মধ্যে একটি নির্দিষ্ট মাধ্যমে বিতরণ করে। কিন্তু ইরানের জন্য টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এফএফআইআরআই ‘আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমতার নীতির পরিপন্থী’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরান ফুটবল দলের বেস ক্যাম্প এখন মেক্সিকোতে। তুরস্কের আন্তালিয়া থেকে দীর্ঘ যাত্রা করে মেক্সিকোর তিজুয়ানা শহরে পৌঁছেছে। ইরানি দল ও কোচিং স্টাফের ভিসা অনুমোদিত হলেও দলের কয়েকজন কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। ‘দ্য অ্যাথলেটিকে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভিসা না পাওয়া ১৩ ব্যক্তির মধ্যে দুই বিশ্লেষক, কয়েকজন নির্বাহী কর্মকর্তা এবং সংবাদমাধ্যমকর্মীও রয়েছেন।
এবারের বিশ্বকাপে ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর।

