ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আব্দুস সালাম।
মঙ্গলবার (৯ জুন) ডিএসসিসির মার্কেট কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত কোনো দোকানকে ছাড় দেওয়া হবে না। লাইসেন্সবিহীন দোকান চিহ্নিত হলে তা সিলগালা করা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন মার্কেটে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে থাকা অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে মো. আব্দুস সালাম বলেন, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধ করতে হবে। যারা আইন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবেন, সিটি করপোরেশন তাদের প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেবে।
এ সময় তিনি জানান, যেসব ব্যবসায়ীর ট্যাক্স বকেয়া রয়েছে, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে সবাইকে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

