নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামে নান্নু খন্দকারের ছেলে আব্দুল কাদির জিলানী (২৬)। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অপরজন হলেন, পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে বাদশা মিয়ার ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)। তিনি কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সড়কে চলাচলরত নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে দুজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন, ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়, আবার কেউ দাবি করছেন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত চলছে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, ‘মাসুম বিল্লাহ নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছাত্রদল নেতা জিলানী ছিলেন তার সঙ্গে। তারা দুজন দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।’
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান ছাত্রদলের এই নেতা।
এ বিষয়ে জানতে নাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরণের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

