শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব আব্দুন নাসের খান

আপডেট : ০৯ জুন ২০২৬, ২২:৫৩

শিল্প মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল হয়েছে। দায়িত্বরত সচিব মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুন নাসের খানৎ

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নবনিযুক্ত সচিব আব্দুন নাসের খান এত দিন চুক্তিভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন।

ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও তার অবসরোত্তর ছুটি বাতিল করে চুক্তিভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। সেই দায়িত্ব থেকে এবার তাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হলো।

ইত্তেফাক/এনএন